Logo

বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা ক্যাম্পে যোগ দিলেন মেসি

profile picture
ক্রীড়া ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬, ১৮:৩৪
বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা ক্যাম্পে যোগ দিলেন মেসি
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আগামীকালের ম্যাচটি স্মরণীয় করে রাখতে মেসিকে ঘিরে বিশেষ আয়োজনের প্রস্তুতি নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং কমপ্লেক্সে পৌঁছেছেন মেসি। রোজারিওতে দুই দিন কাটানোর পর বুয়েনস এইরেসে ফিরেছেন তিনি।

আলবিসেলেস্তেদের হয়ে বিদায়ী ম্যাচে মাঠে নামার আগে কোচ লিওনেল স্কালোনির অধীনে প্রস্তুতি নিতেই দলের সঙ্গে যোগ দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে আগের দুই ম্যাচে মেসি মাঠে নামেননি। পরিকল্পনার অংশ হিসেবেই ওই ম্যাচ দুটিতে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে মেসির অনুপস্থিতিতেও আর্জেন্টিনার জয় পেতে সমস্যা হয়নি। দুই ম্যাচে তারা করেছে ১১ গোল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বেনিনের বিপক্ষে ম্যাচটি জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ হওয়ায় তাকে দেওয়া হবে বিশেষ একটি জার্সি। ম্যাচ শেষে জার্সিটি মেসির ব্যক্তিগত জাদুঘরে তার বিভিন্ন শিরোপা ও পুরস্কারের পাশে সংরক্ষণ করা হবে।

বিশেষ এই জার্সিতে থাকবে দুটি বড় উল্লম্ব আকাশি-নীল স্ট্রাইপ। মাঝখানে থাকবে সাদা অংশ, যার কেন্দ্রে থাকবে আর্জেন্টিনার জাতীয় পতাকার সূর্যের প্রতীক। মেসির নাম ও জার্সি নম্বর লেখা হবে সোনালি রঙে।

জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার পর রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন মেসি। সোমবার ম্যাচের আগে শেষ অনুশীলন করবে আর্জেন্টিনা। তবে সেই অনুশীলনের সময় এখনো নিশ্চিত করা হয়নি।

বিজ্ঞাপন

বেনিনের বিপক্ষে ম্যাচের আগে মেসি ও স্কালোনি দুজনেরই সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD