মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টাইন তারকার আবেগঘন বার্তা

লিওনেল মেসির আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন নিকোলাস ওতামেন্দি। তবে মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে আবারও মাঠে নামছেন ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার। বেনিনের বিপক্ষে ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে শেষবার টুর্নামেন্ট খেলার কথা জানিয়েছিলেন ওতামেন্দি। এরপর মেসির বিদায়ী ম্যাচ উপলক্ষে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নেওয়ার জন্য বিশেষভাবে আমন্ত্রণ পান রিভার প্লেটের হয়ে খেলা এই ডিফেন্ডার।
বিদায়ী বার্তায় নিজের শেষ অনুশীলনের অনুভূতি তুলে ধরে ওতামেন্দি লিখেছেন, ‘জীবনের বড় একটি অধ্যায়ের ইতি ঘটতে যাচ্ছে।’
তিনি আরও জানান, ‘আজ আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে আমার শেষ অনুশীলন ছিল। যদিও চেষ্টা করেছিলাম অন্য যেকোনো দিনের মতোই এটিকে উপভোগ করতে, প্রথম মুহূর্ত থেকেই জানতাম– এরপর আর কিছুই আগের মতো থাকবে না। মাঠের দিকে তাকাতেই সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। প্রথম পদক্ষেপ, কঠিন সময়, আনন্দ, কান্না, জয় এবং সেই পরাজয়গুলো, যেগুলো আমাদের বারবার ঘুরে দাঁড়াতে শিখিয়েছে।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার স্মরণ করে ওতামেন্দি বলেন, ‘মনে হচ্ছিল, মাঠের প্রতিটি কোণ যেন একটি গল্প ধারণ করে আছে। প্রতিটি দৃষ্টিতে যেন বিদায়ের অনুভূতি, আর প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দিচ্ছিল এই রংগুলো ধারণ করার অর্থ কী। তবে আমি এমন এক অনুভূতিও সঙ্গে নিয়ে যাচ্ছি, যা ব্যাখ্যা করা কঠিন। কারণ দেশের প্রতিনিধিত্ব করা স্বপ্ন পূরণের চেয়েও অনেক বেশি কিছু ছিল, এটি ছিল আমার জীবনের অন্যতম বড় সম্মান।’
আর্জেন্টিনার সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ওতামেন্দি লিখেছেন, ‘ধন্যবাদ আর্জেন্টিনা, প্রতিটি আলিঙ্গন, প্রতিটি গান, প্রতিটি পতাকা এবং প্রতিবার জাতীয় সংগীত গাওয়ার সময় আমরা যে একা নই সেই অনুভূতি দেওয়ার জন্য। আনন্দের মুহূর্তগুলোতে আমাদের পাশে থাকার জন্য এবং সবকিছু পরিকল্পনামতো না হলেও আমাদের সমর্থন করার জন্য ধন্যবাদ। আজ একটি অনুশীলন শেষ হলো, একই সঙ্গে আমার জীবনের বিশাল একটি অধ্যায়েরও সমাপ্তি ঘটল। সঙ্গে নিয়ে যাচ্ছি এমন সব স্মৃতি, যা সারাজীবন লালন করব, আর এমন এক গর্ব, যা কখনও মুছে যাবে না।’
মেসির উদ্দেশেও বিশেষ বার্তা দিয়েছেন আর্জেন্টিনার এই তারকা ডিফেন্ডার। তিনি লিখেছেন, ‘আগামীকাল একটি বিশেষ দিন। কারণ এটি সর্বকালের সেরা খেলোয়াড়ের দিন। ছোট বন্ধু, তোমার গল্পের অংশ হতে পারা আমার জন্য গর্বের। সব কিছুর জন্য জাতীয় দলকে ধন্যবাদ।’
বিজ্ঞাপন
বেনিনের বিপক্ষে ম্যাচটি তাই মেসির পাশাপাশি ওতামেন্দির জন্যও হয়ে উঠছে আবেগঘন বিদায়ের উপলক্ষ।








