Logo

মেসি সবার আগে অনুশীলনে আসে, সবার শেষে যায়: আর্জেন্টাইন কোচ

profile picture
ক্রীড়া ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬, ১৮:৩৩
মেসি সবার আগে অনুশীলনে আসে, সবার শেষে যায়: আর্জেন্টাইন কোচ
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের আগে আবেগঘন হয়ে পড়েছেন কোচ লিওনেল স্কালোনি। মেসিকে ছাড়া জাতীয় দলের পথচলা আর আগের মতো হবে না বলে স্বীকার করেছেন তিনি। একই সঙ্গে মেসির রেখে যাওয়া স্মৃতিকে ‘অতুলনীয়’ বলে উল্লেখ করেছেন আর্জেন্টাইন কোচ।

বিজ্ঞাপন

বেনিনের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে শেষবারের মতো আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন মেসি। ৩৯ বছর বয়সী এই তারকার বিদায়ী ম্যাচকে ঘিরে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে তৈরি হয়েছে বিশেষ আবহ। ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহ এতটাই বেশি যে, স্কালোনির ভাষায়, পাঁচটি মনুমেন্টাল স্টেডিয়াম থাকলেও সেগুলো পূর্ণ হয়ে যেত।

মেসিকে ছাড়া মাঠে নামার অনুভূতি প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘তার মাঠে থাকার অনুভূতিটাই আলাদা। একজন ফুটবলার মাঠে যা করে সতীর্থ, প্রতিপক্ষ ও দর্শকদের মধ্যে যে অনুভূতি তৈরি করতে পারে, মেসির মতো আর কাউকে আমি দেখিনি। সেটাই আমরা সবচেয়ে বেশি মিস করব।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

মাঠের বাইরেও মেসির পেশাদারত্বের প্রশংসা করেছেন স্কালোনি। তিনি বলেন, ‘সে অবিশ্বাস্য এক উদাহরণ। সবার আগে অনুশীলনে আসে, সবার শেষে যায়। নিজের যত্ন নেয় এবং প্রতিটি ম্যাচকে যেভাবে নেয়, সেটিও অসাধারণ।’

বিজ্ঞাপন

আর্জেন্টিনার কোচের মতে, মেসি বিদায় নিলেও জাতীয় দলের পথচলা থেমে থাকবে না। তবে তার অনুপস্থিতিতে বাকি থাকবে তার রেখে যাওয়া স্মৃতি। স্কালোনির ভাষায়, ‘আমাদের খেলতে হবে, কিন্তু সে যখন থাকবে না, তখন শুধু স্মৃতিই থাকবে। সে এমন কিছু রেখে যাচ্ছে, যার তুলনা হয় না।’

২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেকের পর এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন মেসি। জিতেছেন ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপ। বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে তার দুই দশকের বেশি সময়ের পথচলার সমাপ্তি ঘটবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD