Logo

ভুটানকে হারিয়ে সাফে উড়ন্ত শুরু বাংলাদেশের

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৬, ২২:০৮
ভুটানকে হারিয়ে সাফে উড়ন্ত শুরু বাংলাদেশের
ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভুটানকে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। ঘরের মাঠে একাধিক গোলের সুযোগ নষ্ট করলেও শেষ পর্যন্ত ইব্রাহিমের একমাত্র গোলে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে টমাস ডুলির শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। তবে একের পর এক সুযোগ তৈরি করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

ম্যাচের ষষ্ঠ মিনিটে ডান দিক থেকে রাকিব হোসেনের ক্রস থেকে আক্রমণের সুযোগ তৈরি হয়। কিন্তু বিশ্বনাথের কাছে বল পৌঁছানোর আগেই তা ক্লিয়ার করেন ভুটানের ডিফেন্ডাররা। ফিরতি বলে জামাল ভূঁইয়ার জোরালো শটও প্রতিপক্ষের রক্ষণে আটকে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

১৮তম মিনিটে রাকিবের ক্রস থেকে হেড নিয়েছিলেন বিশ্বনাথ। তবে বল লক্ষ্যে রাখতে পারেননি তিনি। ২৫তম মিনিটে প্রায় ফাঁকা গোলের সামনে বল পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন এই ফুটবলার।

৩৯তম মিনিটেও গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন বিশ্বনাথ। সামনে শুধু ভুটানের গোলরক্ষক থাকলেও কোনাকুনি শটে লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। পরের মিনিটে বাংলাদেশের গোলমুখে প্রথম শট নেয় ভুটান। তবে সহজেই বল নিয়ন্ত্রণে নেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

বিরতির ঠিক আগে ৪৪তম মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রি কিক থেকে শমিত সোম হেডে বল বাড়ান। কিন্তু গোলমুখে থাকা জিদান ইউসুফ ও সাদ উদ্দিন কেউই বলের নাগাল পাননি। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য আক্রমণ অব্যাহত রাখে বাংলাদেশ। ৬৪তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইব্রাহিম। মাঠে নামার মাত্র চার মিনিটের মধ্যেই দলকে এগিয়ে দেন তিনি।

জায়ান আহমেদের বাড়ানো ক্রস ভুটানের বক্সে দুই দফা হেডের মাধ্যমে ইব্রাহিমের কাছে পৌঁছালে দারুণ এক ভলিতে জালে পাঠান তিনি। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। গোলের পর উল্লাসে মেতে ওঠে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় ভুটান। তবে প্রতিপক্ষের আক্রমণ সামলে পাল্টা আক্রমণেও সুযোগ তৈরি করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD