Logo

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো

profile picture
ক্রীড়া ডেস্ক
৫ নভেম্বর, ২০২৬, ১৭:১৯
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো | ছবি : জনবাণী গ্রাফিক্স

আন্তর্জাতিক ফুটবলে আর দেখা যাবে না পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশে চিঠি পড়ে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।

বিজ্ঞাপন

রোনালদোর এই ঘোষণার মধ্য দিয়ে পর্তুগালের জার্সিতে রেকর্ড ও অসংখ্য অর্জনে সমৃদ্ধ ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসান ঘটল।

বিদায়বার্তায় নিজের বিখ্যাত ৭ নম্বর জার্সির প্রসঙ্গ তুলে রোনালদো বলেন, ‘জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার দিন এসে গেছে। কখনো ভাবিনি, জার্সিটি শুধু আমারই। তবে ২৩ বছর ধরে এটি পরার সৌভাগ্য ও দায়িত্ব দুটিই পেয়েছি।’

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক রোনালদো। পর্তুগালের হয়ে ২৩২ ম্যাচ খেলে তাঁর গোলসংখ্যা ১৪৬। ২০১৬ সালে দলকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই তারকা।

বিজ্ঞাপন

তবে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা হয়েছে নানা বিতর্কের মধ্য দিয়ে। পর্তুগাল কোচ হোর্হে জেসুসের সঙ্গে মতবিরোধের জেরে গত সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নরওয়ের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে প্রথম একাদশে জায়গা পাননি তিনি। এমনকি বদলি হিসেবেও মাঠে নামার সুযোগ হয়নি তাঁর। ম্যাচ শেষে সতীর্থরা দর্শকদের অভিবাদন জানাতে গেলেও রোনালদো সরাসরি ড্রেসিংরুমে চলে যান।

পরবর্তী সময়ে ডেনমার্কের বিপক্ষে ম্যাচেও একাদশে সুযোগ না পাওয়ার বিষয়টি জানতে পেরে কোপেনহেগেনে দলের ক্যাম্প ত্যাগ করেন তিনি। এ সময় কোচ জেসুসের বিরুদ্ধে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগ তোলেন পর্তুগিজ অধিনায়ক।

বিজ্ঞাপন

তবে পরবর্তী সময়ে নিজের আচরণের ভুল স্বীকার করেন রোনালদো। এ ঘটনায় পর্তুগিজ ফুটবল ফেডারেশনও তাঁকে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল।

সেই নিষেধাজ্ঞার মধ্যেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আধুনিক ফুটবলের অন্যতম সেরা এই তারকা। তাঁর বিদায়ের মধ্য দিয়ে পর্তুগাল জাতীয় দলের ইতিহাসে এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD