‘তুমি পুরো বিশ্বের আইকন’, রোনালদোকে আবেগঘন বার্তা আল নাসরের

পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর খবরে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছে তার বর্তমান ক্লাব আল নাসর। জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ফুটবল ইতিহাসে তার অবদান ও জনপ্রিয়তার কথা স্মরণ করে বিশেষ বার্তা দিয়েছে সৌদি আরবের ক্লাবটি।
বিজ্ঞাপন
এক ভিডিওবার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন রোনালদো। এরপর থেকেই সতীর্থ, ভক্ত-অনুরাগীসহ বিশ্ব ফুটবলের পরিচিত তারকারা তাকে শুভকামনা জানাচ্ছেন।
রোনালদোর নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তার অবসরের ভিডিওটি শেয়ার করে আল নাসর। সেখানে ক্লাবটি লিখেছে, ‘এটা শুধু একটি অধ্যায়ের সমাপ্তি নয়, এটা এমন এক ইতিহাস, যা তুমি নিজের হাতে গড়েছো। তুমি শুধু পর্তুগালের নও, পুরো বিশ্বের মানুষের কাছে এক আইকন।’
বিশ্বজুড়ে রোনালদোর জনপ্রিয়তার বিষয়টিও তুলে ধরেছে ক্লাবটি। একই সঙ্গে আল নাসরের হয়ে তার আরও অনেক ইতিহাস গড়ার অপেক্ষায় থাকার কথা জানিয়েছে তারা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পোস্টে আরও বলা হয়, ‘পর্তুগাল তোমার হৃদয়ে, আর তুমি জায়গা করে নিয়েছ বিশ্বের কোটি মানুষের হৃদয়ে। একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে, তবে ইতিহাসের আরও অনেক কিছু লেখা বাকি। তোমার নিজের ঠিকানা আল নাসরে, আমাদের সঙ্গে।’
২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৬০ ম্যাচে ১৩৮ গোল করেছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
বিজ্ঞাপন
এদিকে, সব মিলিয়ে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা ৯৮৫। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করার হাতছানি রয়েছে তার সামনে।
জাতীয় দলের জার্সি তুলে রাখলেও ক্লাব ফুটবলে এখনো সক্রিয় রোনালদো। তাই আল নাসরের হয়ে গোলের সংখ্যা বাড়িয়ে ঐতিহাসিক সেই মাইলফলকে পৌঁছানোর অপেক্ষায় রয়েছেন তিনি ও তার কোটি ভক্ত।








