আফগানিস্তানের কাছে ১১৩ রানে হেরে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

যুব এশিয়া কাপের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই প্রত্যাশা পূরণ করতে পারেনি টাইগার যুবারা। ফয়সাল রাহিমির ৮৩ রানের ইনিংসে আফগানিস্তান ২৩১ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশের ইনিংস থেমেছে মাত্র ১১৮ রানে। ফলে ১১৩ রানের বড় জয় দিয়ে আসর শুরু করেছে আফগানিস্তান।
বিজ্ঞাপন
২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই বিদায় নেন আব্দুল্লাহ আল মুহী। ৫ বলে ৬ রান করে ফেরেন তিনি। তিন নম্বরে ব্যাট করতে নামা আল আমিন হোসেন রনিও বেশিক্ষণ টিকতে পারেননি। তাঁর সংগ্রহ ৮ বলে ৬ রান।
এরপর আহসান আল মুমিন, ফয়সাল হাসান ফরিদ ও আল রাফিরাও ব্যাট হাতে ব্যর্থ হন। ফলে পাওয়ার প্লের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে বাংলাদেশ।
৪১ রানে ৬ উইকেট হারানোর পর শেখ জারিফ সিয়াম ও রবিউল হাসান অনিক মিলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। দুজনের ৬৯ বলের জুটিতে আসে ৫৫ রান। তবে দলের হাল ধরলেও অর্ধশতকের দেখা পাননি জারিফ। ৬টি চারের সাহায্যে ৫৮ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন তিনি।
বিজ্ঞাপন
শেষ দিকে রুবাই ইসলাম রিজন ২১ রান করলেও দলের পরাজয় এড়ানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ১১৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। আফগানিস্তানের হয়ে নূর, হামজা ও সামি মুবারেজ প্রত্যেকেই তিনটি করে উইকেট শিকার করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে টসের পর ব্যাটিংয়ে নেমে ২৩১ রানে অলআউট হয় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন ফয়সাল রাহিমি। এছাড়া তাহের সারওয়ারি ৩৭, সোহাইল ১৭ এবং হামজা ১৫ রান যোগ করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তাফিউল আলম তামিম। তিনি একাই তুলে নেন চারটি উইকেট। অনিকের শিকার দুটি উইকেট। তবে বোলারদের সেই পারফরম্যান্সের পরও ব্যাটিং ব্যর্থতায় বড় হার নিয়েই যুব এশিয়া কাপের যাত্রা শুরু করতে হলো বাংলাদেশকে।








