Logo

হাসান মাহমুদের ফাইফারে চাপে ওয়েস্ট ইন্ডিজ, স্বস্তিতে বাংলাদেশ

profile picture
ক্রীড়া ডেস্ক
৬ নভেম্বর, ২০২৬, ১২:৩৭
হাসান মাহমুদের ফাইফারে চাপে ওয়েস্ট ইন্ডিজ, স্বস্তিতে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই দারুণ বোলিং নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের দুর্দান্ত পাঁচ উইকেট শিকারে বড় স্বস্তি পেয়েছে স্বাগতিকরা। তাঁর ফাইফারের সুবাদে ৮ উইকেট হারিয়ে ৩২২ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

আলোকস্বল্পতার কারণে প্রথম দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছিল। তবে দ্বিতীয় দিন নির্ধারিত সময়েই মাঠে গড়ায় খেলা। দিনের শুরুতেই অবশ্য চোটের কারণে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের ওপেনার সাদমান ইসলামকে।

মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলটি লেগ সাইডে ফ্লিক করেন ক্যারিবীয় ব্যাটার আমির জাঙ্গু। বাউন্ডারির দিকে ছুটে গিয়ে বল আটকানোর চেষ্টা করেন সাদমান। এ সময় তাঁর বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে যায়। সঙ্গে সঙ্গে তীব্র ব্যথায় কাতর হয়ে পড়েন এই বাঁহাতি ব্যাটার।

মাঠে এসে ফিজিও প্রাথমিক চিকিৎসা দিলেও তাতে পরিস্থিতির উন্নতি হয়নি। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে।

বিজ্ঞাপন

এরপর বল হাতে বাংলাদেশের হয়ে দিনের প্রথম সেশনটি স্মরণীয় করে রাখেন হাসান মাহমুদ। পরপর দুই বলে আগের দিনের সেঞ্চুরিয়ান আমির জাঙ্গু ও রস্টন চেজকে ফিরিয়ে দেন এই পেসার। তাতে হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি হয়েছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

হ্যাটট্রিকের সুযোগ পেতে বিশপের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন হাসান। আম্পায়ার সাড়া দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান ক্যারিবীয় ব্যাটার। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। শেষ পর্যন্ত হাসানের বলেই সাজঘরে ফেরেন বিশপ। ২৫ বলে ২৩ রান করেন এই ব্যাটার।

এর মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন হাসান মাহমুদ। দেশের মাটিতে টেস্টে এটিই তাঁর প্রথম ফাইফার।

বিজ্ঞাপন

অন্যদিকে, দিনের প্রথম সেশনে বাংলাদেশের হয়ে আরেকটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। তাঁর শিকার হয়ে ফেরেন ফিফটি করা জাস্টিন গ্রিভস। ৫১ রান করে আউট হন এই ক্যারিবীয় ব্যাটার।

সব মিলিয়ে ৯৫ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। হাসানের পাঁচ উইকেটে স্বস্তি নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে বাংলাদেশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD