Logo

থমথমে খাগড়াছড়ি, সংঘর্ষে নিহতদের মরদেহ হস্তান্তর

profile picture
জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৭
থমথমে খাগড়াছড়ি, সংঘর্ষে নিহতদের মরদেহ হস্তান্তর
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় সৃষ্ট উত্তেজনা ও সহিংসতার জেরে পুরো জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চতুর্থ দিনের মতো চলছে।

বিজ্ঞাপন

যদিও খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে সীমিত আকারে যানবাহন চলাচল শুরু হয়েছে, তবে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ প্রায় অচল অবস্থায় রয়েছে।

এদিকে রবিাবর (২৮ সেপ্টেম্বর) গুইমারায় সহিংসতায় নিহত তিন পাহাড়ির মরদেহের ময়নাতদন্ত শেষে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। একই রাতে তাদের দাহক্রিয়া সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন সেনাবাহিনী এবং ১০টি প্লাটুন বিজিবি মোতায়েন করেছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় এখনও ১৪৪ ধারা জারি রয়েছে। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে ধারা তুলে নেওয়া হবে।

সূত্র জানায়, সোমবার প্রশাসনের সঙ্গে আন্দোলনকারী জুম্ম ছাত্র-জনতার ৬ প্রতিনিধি বৈঠক করেন। তারা বৈঠকে ১৪৪ ধারা প্রত্যাহারসহ ৮ দফা দাবি পেশ করেন। প্রশাসনের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহারের অনুরোধ করা হলেও বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও গুইমারায় সংঘর্ষে তিনজন নিহত হন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অনেকে আহত হন এবং গুইমারার রামসু বাজারসহ বহু বাড়িঘর ও প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডে পুড়ে যায়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD