৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমকে রক্ষা করতে সরকার আগামী ৪ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, মজুত, বেচাকেনা ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।
বিজ্ঞাপন
চাঁদপুর জেলা নৌ-পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বৃহস্পতিবার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রশাসন ইতোমধ্যে পদ্মা-মেঘনা নদীসহ দেশের বিভিন্ন নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে। অনেক জেলে ইতিমধ্যেই নৌকা ও জালসহ মাছ ধরার সরঞ্জাম তীরে তুলতে শুরু করেছেন।
নিষেধাজ্ঞা কার্যকর করতে বুধবার চাঁদপুর সদর উপজেলার আনন্দবাজার, লালপুর মৎস্যবাজার, আমীরাবাদ ঘাট, চর উমেদ ও রাজরাজেশ্বর এলাকায় পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, “ইলিশের জন্যই চাঁদপুর সারা দেশে পরিচিত। মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়তে না দিলে ভবিষ্যতে উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই নিষেধাজ্ঞা শুধু শাস্তির জন্য নয়, বরং জেলেদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য। আজ যদি আমরা মা ইলিশ রক্ষা করি, আগামী দিনে আরও বেশি ইলিশ পাওয়া যাবে এবং উপকৃত হবেন জেলেরা।”
তিনি আরও জানিয়েছেন, আইন অমান্যকারীদের মৎস্য সংরক্ষণ আইনে শাস্তি দেয়া হবে। তবে জেলেদের সহায়তায় সরকার খাদ্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি গ্রহণ করেছে। চাঁদপুরের ৪৫ হাজার ৬১৫ জেলে পরিবারকে এ বছর ৩০ কেজি করে চাল দেয়া হবে, যা গতবারের তুলনায় ৫ কেজি বেশি।
নিষেধাজ্ঞার সময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। কোস্টগার্ড, নৌ পুলিশ, মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ টিম প্রতিদিন নদীতে টহল দেবে।
বিজ্ঞাপন
পথসভায় বক্তব্য রাখেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার আব্দুস সামাদ।
নৌ-পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান জেলেদের উদ্দেশ্যে বলেন, “২২ দিন ধৈর্য ধারণ করুন, মা ইলিশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখুন এবং সরকার প্রদত্ত সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করুন। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।”








