কুড়িগ্রামে দুই পক্ষের চরম সংঘর্ষ, নারীসহ নিহত ৩

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ১৬ শতক জমিকে কেন্দ্র করে আলতাফ হোসেন ও এরশাদ আলীর মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি সহিংস রূপ নেয়।
জানা যায়, উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে নিহত হন মানিক মুন্সির ছেলে এরশাদ আলী (৪২), মানিকের বোন কুলছুম বেগম (৫৫) এবং বাচ্চা মিয়ার ছেলে কাওছার মিয়া। দুইজন ঘটনাস্থলেই মারা যান, আর একজন হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত অন্তত ১০ জনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নূর মোহাম্মদ ও তার বড় ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয়দের বরাতে জানা যায়, সংঘর্ষের সময় ভয়ে এলাকার বাসিন্দারা নিরাপদ স্থানে ছুটে যান। পুলিশ এলাকায় টহল বাড়িয়ে সহিংসতার পুনরাবৃত্তি রোধে কাজ করছে।








