Logo

গুলি হাতে ভাইরাল যুবক তুষার জামায়াতের কর্মী: পুলিশ

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
৩০ নভেম্বর, ২০২৫, ২২:৪০
গুলি হাতে ভাইরাল যুবক তুষার জামায়াতের কর্মী: পুলিশ
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অস্ত্র হাতে গুলি ছোড়া সেই যুবক জামায়াতের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (৩০ নভেম্বর) রাতে ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুর নূর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষের দিন অস্ত্র হাতে গুলি ছোড়া যুবক তুষার মণ্ডল জামায়াতের কর্মী। তার ছবি ফেসবুকে ভাইরাল হলে পরিচয় শনাক্ত করা হয়। তবে এখনো তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি, পুলিশ তাকে ধরতে অভিযান চালাচ্ছে।

তুষার মণ্ডল ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে। স্থানীয় বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, তুষার পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

এদিকে সংঘর্ষের ঘটনায় করা পাল্টাপাল্টি দুই মামলায় উভয় দলের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে জামায়াতের দুজন এবং বিএনপির তিন কর্মীকে আটক করা হয়। রবিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আব্দুর নূর বলেন, দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে মামলা করেছে। দুপক্ষের মামলার বিষয়ে পুলিশ তদন্ত করছে। আমরা আইনি প্রক্রিয়া অনুযায়ী আসামিদের গ্রেফতার করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে ঈশ্বরদীতে সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে নির্বাচনী প্রচার চালাতে গেলে জামায়াত ও বিএনপির এ সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। ফেসবুকে ছড়ানো ছবিতে দেখা যায়, রাস্তায় বেশকিছু লোকজনের জটলার মধ্যে সাদা টি-শার্ট ও জিনসের প্যান্ট পরা এক যুবক ডান হাতে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়ছেন।

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD