Logo

দাঁড়িপাল্লার পক্ষে গোপন প্রচারণা ও মিছিল বন্ধ হয়নি: সারোয়ার তুষার

profile picture
জেলা প্রতিনিধি
নরসিংদী
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৭:২১
দাঁড়িপাল্লার পক্ষে গোপন প্রচারণা ও মিছিল বন্ধ হয়নি: সারোয়ার তুষার
ছবি: সংগৃহীত

নরসিংদী-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গোপন প্রচারণা ও মিছিল বন্ধ হয়নি বলে অভিযোগ করেছেন ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার ওরফে সারোয়ার তুষার।

বিজ্ঞাপন

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর নাম ব্যবহার করে একটি পক্ষ ওই আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এমনকি সেদিন প্রকাশ্যে একটি মিছিলও বের করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সারোয়ার তুষার বলেন, জোটের নেতৃত্বদানকারী দল জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবে তাদের নেতা–কর্মীদের শাপলা কলি প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশ দিলেও স্থানীয় পর্যায়ে সেই নির্দেশনা মানা হচ্ছে না। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করছে।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, গত ২৩ জানুয়ারি জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনে আবেদন করে নরসিংদী-২ আসনে নিজেদের প্রতীক দাঁড়িপাল্লা ব্যালট থেকে বাদ দেওয়ার অনুরোধ জানায়। একই সঙ্গে দলীয় নেতা–কর্মীদের জোটসঙ্গী এনসিপির প্রতীক শাপলা কলির পক্ষে অবস্থান নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়। যদিও কারিগরি জটিলতার কারণে নির্বাচন কমিশন সে আবেদন কার্যকর করতে পারেনি।

সারোয়ার তুষার অভিযোগ করেন, জামায়াতের দায়িত্বশীল নেতারা প্রকাশ্যে এসব প্রচারণার বিষয়ে অবগত নন বলে জানালেও বাস্তবে দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল ও প্রচার কার্যক্রম চলছেই। তিনি এই পরিস্থিতিকে ‘অদ্ভুত’ বলে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মাত্র একদিন আগেই জামায়াতে ইসলামীর আমির তাঁকে নরসিংদী-২ আসনের জোট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন এবং শাপলা কলি প্রতীক তুলে দেন। এর আগে দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে দাঁড়িপাল্লা প্রতীক বাতিলের আবেদনও করা হয়েছিল।

সারোয়ার তুষার বলেন, আমি এখনো আশাবাদী যে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে জোটের পক্ষে অবস্থান নেবে এবং স্থানীয় পর্যায়েও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD