জুড়ীতে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া এলাকায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া এলাকা ও বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠুর জুড়ীর বাসার সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে তার সমর্থকরা হামলা চালায়। এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমানের ব্যবহৃত একটি গাড়ি ভাঙচুর করা হয় বলে দাবি করা হয়েছে।
বিজ্ঞাপন
হামলায় জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলামের বড় ভাই আতিকুল ইসলাম গুরুতর আহত হন। এছাড়া জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, শিবির নেতা তারেক, আব্দুল্লাহ, এনসিপির একজন নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামায়াত নেতৃবৃন্দ অভিযোগ করেন, জুড়ী উপজেলায় বিএনপির প্রার্থী ও উপজেলা সেক্রেটারির উপস্থিতিতে এই হামলা সংঘটিত হয়েছে। তারা জানান, ঘটনার পরপরই মামলা দায়ের করা হলেও ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি।
আরও পড়ুন: বিএনপি-এনসিপির রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৩
বিজ্ঞাপন
এদিকে হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাতেই জামায়াতের নেতাকর্মীরা জুড়ী থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ দস্তেগীর ঘটনাস্থলে এসে অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী ও জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানান। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি প্রশাসনের কারও সম্পৃক্ততা থাকলে তা তদন্তের আওতায় আনার আহ্বান জানান।
তবে এ বিষয়ে অভিযুক্ত বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠুর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।








