কুষ্টিয়ার ভেড়ামারায় হামলার অভিযোগ: জামায়াতের কয়েক কর্মী আহত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিএনপির হামলায় জামায়াতের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার পর উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজীহাটা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মাহফুজুর রহমান নামের এক জামায়াত কর্মীকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ধরমপুর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার মখলেছুর রহমানের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর জামায়াতের কয়েকজন কর্মী এলাকায় ভোটার তালিকার স্লিপ বিতরণ করছিলেন। এ সময় কাজীহাটা এলাকায় বিএনপির কর্মীরা পেছন থেকে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে জামায়াতের কয়েকজন কর্মী আহত হন।
স্থানীয় জামায়াত নেতাকর্মীদের দাবি, ধরমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল আলমের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার পর জামায়াত কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।








