Logo

নির্বাচনের আগে বাড়ছে সহিংসতা : আরও এক ভোটকেন্দ্রে আগুন

profile picture
জেলা প্রতিনিধি
পটুয়াখালী
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:০০
নির্বাচনের আগে বাড়ছে সহিংসতা : আরও এক ভোটকেন্দ্রে আগুন
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকী উপজেলায় একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫৪ মিনিটের দিকে পাংগাশিয়া নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রকে লক্ষ্য করে এ নাশকতার ঘটনা ঘটে। তবে স্থানীয়দের দ্রুত উদ্যোগ ও দুই কিশোরের সাহসী ভূমিকার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় কেন্দ্রটি।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, এশার নামাজ শেষে বাড়ি ফিরছিল দুই কিশোর। পথিমধ্যে বিদ্যালয় ভবনের ভেতর আগুনের শিখা দেখতে পেয়ে তারা সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে। তাদের ডাক শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছিল। তবে সময়মতো আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি। ঘটনাটি নির্বাচনের আগে এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

এদিকে অভিযোগ উঠেছে, ভোটকেন্দ্রটির নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত দুই গ্রাম পুলিশ ও বিদ্যালয়ের এক নৈশপ্রহরী ঘটনার সময় উপস্থিত ছিলেন না।

জানা গেছে, আগুন লাগানোর সময় তারা তিনজনই রাতের খাবার খেতে বাইরে গিয়েছিলেন। দায়িত্বে অবহেলার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

ঘটনার খবর পেয়ে দুমকী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা আলামত সংগ্রহ এবং ঘটনাস্থলের বিভিন্ন দিক পর্যালোচনা করেন। পাশাপাশি পুরো ঘটনার চিত্র ধারণ করে সংরক্ষণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, সংবাদ পাওয়ার পরপরই তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজে তাৎক্ষণিকভাবে সন্দেহজনক কিছু পাওয়া না গেলেও সব সম্ভাব্য দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালানো হচ্ছে। কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিদের অনুপস্থিতির বিষয়টিও গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

নির্বাচনকে সামনে রেখে একের পর এক ভোটকেন্দ্রে নাশকতার চেষ্টার ঘটনায় স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD