রাজাপুরে প্রার্থীকে লক্ষ্য করে হামলা, বিএনপির কেন্দ্র দখলের চেষ্টা

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের পাঁচটি ভোটকেন্দ্র দখলের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন আহত হন এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বড়ইয়া ইউনিয়নের আদাখোলা স্কুলের ৩৬ নম্বর ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে গুরুতর আহত একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করা হয়েছে। অন্যান্য আহতরা রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা পেয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন প্রার্থীর ব্যক্তিগত সহকারী খায়রুল, কর্মী সাইফুলসহ আরও কয়েকজন।
আহতরা জানায়, ভোটকেন্দ্রে জালিয়াতির অভিযোগ পেয়ে ড. ফয়জুল হক সমর্থকদের নিয়ে সেখানে গেলে উত্তেজনা সৃষ্টি হয় এবং হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, কেন্দ্রে প্রবেশের সময় ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলার একপর্যায়ে প্রার্থীকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। তাকে রক্ষা করতে গেলে কর্মীরাও আহত হন।
বিজ্ঞাপন
জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হক অভিযোগ করেন, “আমাকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে হামলা করা হয়েছে। পরে সেই অস্ত্র পুলিশকে হস্তান্তর করা হয়েছে। বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামালের নির্দেশে তার নেতাকর্মীরা হামলা চালিয়ে বড়ইয়া ইউনিয়নের পাঁচটি কেন্দ্র দখল করেছে এবং আমাদের এজেন্টদের বের করে দিয়েছে।”
বড়ইয়া ইউনিয়নের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম রেজা সজীব বলেন, “৩৬ নম্বর কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। চারজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ভোটগ্রহণ অব্যাহত আছে।”








