পঞ্চগড়ের দুই আসনেই বিএনপির জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলার দুটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে গভীর রাত প্রায় ২টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। এর মাধ্যমে দীর্ঘ প্রায় সতের বছর পর পঞ্চগড়ের দুই আসনে ক্ষমতার পালাবদল ঘটল; এর আগে টানা পাঁচটি নির্বাচনে আসন দুটি ক্ষমতাসীন দলের দখলে ছিল।
ঘোষিত ফলাফলে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমির ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।
বিজ্ঞাপন
অন্যদিকে পঞ্চগড়-২ আসনে বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী সফিউল আলম পান ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।
রিটার্নিং কর্মকর্তার তথ্যমতে, পঞ্চগড়-১ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ১৯ হাজার ৫৭৬টি এবং ‘না’ ভোট ৯৯ হাজার ৫৯৪টি। সেখানে বৈধ ভোটের সংখ্যা ছিল ৩ লাখ ১৯ হাজার ১৭০, বাতিল ভোট ৩৯ হাজার ৭১১ এবং মোট প্রদত্ত ভোট ৩ লাখ ৫৮ হাজার ৮৮১।
বিজ্ঞাপন
পঞ্চগড়-২ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পাওয়া গেছে ১ লাখ ৬৩ হাজার ৮৭৫টি, আর ‘না’ ভোট পড়েছে ১ লাখ ২৯ হাজার ৮৮টি। এ আসনে বৈধ ভোট ছিল ২ লাখ ৯২ হাজার ৯৬৩, বাতিল ভোট ২৯ হাজার ৩৪৪ এবং মোট ভোট পড়েছে ৩ লাখ ২২ হাজার ৩০৭টি।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত দুই সংসদ সদস্য পঞ্চগড়ের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নতুন উদ্যমে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে এই বিজয়কে কেন্দ্র করে জেলা জুড়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।








