Logo

পাবনায় ডিসি অফিস ঘেরাও করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১৮
পাবনায় ডিসি অফিস ঘেরাও করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

পাবনা-৩ ও পাবনা-৪ আসনের ভোট পুনঃগণনার দাবিতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ৩টার দিকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে পাবনা-৩ ও পাবনা-৪ আসনের বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ‘অবৈধ নির্বাচন মানি না, মানবো না’, ‘ভোট গণনা বাতিল চাই, করতে হবে’—এমন নানা স্লোগান দেন।

বিক্ষোভকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রধান ফটক বন্ধ রাখা হয় এবং কার্যালয়ের সামনে পুলিশ ও বিজিবির পাশাপাশি অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, পাবনা-৪ আসনে ৩ হাজার ৮০১ ভোটের ব্যবধানে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী আবু তালেব মন্ডল বিজয়ী হন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট।

বিজ্ঞাপন

অন্যদিকে, পাবনা-৩ আসনে ৩ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী মাওলানা আলী আজগার জয়লাভ করেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট, আর বিএনপির প্রার্থী হাসান জাফির তুহিন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট।

ভোটের এই ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে পুনঃগণনার দাবিতে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ বিরাজ করছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD