বেনাপোলে ক্রেন দুর্ঘটনায় হতাহতদের পাশে আবু তাহের ভারত

যশোরের বেনাপোল স্থলবন্দরে গত ৭ এপ্রিল ঘটে যাওয়া মর্মান্তিক ক্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই শ্রমিক পরিবারের পাশে দাঁড়িয়েছেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আবু তাহের ভারত।
বিজ্ঞাপন
সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করেন এবং তাদের হাতে মানবিক সহায়তা তুলে দেন।নিহত শ্রমিকের পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা এবং আহত শ্রমিকের পরিবারের হাতে নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়। আর্থিক সহায়তার পাশাপাশি উভয় পরিবারকে ৪ বস্তা চাল, ডাল ও তেলসহ মাসব্যাপী প্রয়োজনীয় নিত্যসামগ্রী প্রদান করা হয়।
সহায়তা প্রদানকালে আবু তাহের ভারত বলেন, "বেনাপোল বন্দর আজ দেশের বৃহত্তম স্থলবন্দরে পরিণত হয়েছে মূলত এখানকার শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এত গুরুত্বপূর্ণ একটি বন্দর হওয়া সত্ত্বেও এখানকার মানুষ মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে শ্রমিকদের জন্য উন্নত চিকিৎসা ও আবাসন ব্যবস্থার অভাব প্রকট।"
বিজ্ঞাপন
তিনি আরও যোগ করেন, "দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত যশোরে নেওয়ার পথে অনেক সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে রোগীরা। তাই বেনাপোলে একটি আন্তর্জাতিক মানের জেনারেল হাসপাতাল স্থাপন এখন সময়ের দাবি।"
আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রীর উলাশী খাল খনন কর্মসূচিতে আগমনের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, সরকার বেনাপোলবাসীর এই দীর্ঘদিনের দাবি ও সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর, বেনাপোল পৌর বিএনপি, আতিয়ার মল্লিক, বিএনপি নেতা। ইসহাক, সাধারণ সম্পাদক, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি। লিটন হোসেন, সাধারণ সম্পাদক, বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন।
এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এই মানবিক উদ্যোগের জন্য স্থানীয় সাধারণ মানুষ ও শ্রমিক সমাজ আবু তাহের ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।








