Logo

পাবনায় পৃথক অভিযানে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
১৩ এপ্রিল, ২০২৬, ১৮:৫৬
পাবনায় পৃথক অভিযানে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত

পাবনায় পুলিশের পৃথক অভিযানে চুরি হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পাবনা সদর থানা পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ১৩ এপ্রিল ২০২৬ তারিখে পাবনা সদর থানার দুটি মোটরসাইকেল চুরি মামলার তদন্ত চলাকালে এই অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট মামলা দুটি হলো—মামলা নং ২৬(০৪)২০২৬ এবং ২৭(০৪)২০২৬। তদন্তে তথ্যপ্রযুক্তি ব্যবহার এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে চোরচক্রের গতিবিধি শনাক্ত করা হয়।

পাবনা সদর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলামের নেতৃত্বে এসআই ফাইম পারভেজ, এসআই আরিফুল ইসলাম ও পিএসআই মাহমুদুল হাসানসহ একটি পুলিশ দল জেলার সুজানগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মো. রাহাতুল ইসলাম রাহাত (২০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি সুজানগর থানার মানিকদিয়ার এলাকার বাসিন্দা এবং মাহাতাব উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা থানাধীন আমিনপুর ফাঁড়ির কল্যাণপুর চর এলাকা থেকে পূর্বে চুরি হওয়া দুটি কালো রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া মোটরসাইকেল দুটি সাম্প্রতিক সময়ে সংঘটিত চুরির ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ মো. তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, চোরাই মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি এই চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চুরি প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD