কুমিল্লায় চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৭

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই একটি ট্রাক উল্টে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায়, তাসফিন পাম্পের বিপরীত পাশে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খালিবপুর এলাকার আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), বিরামপুর উপজেলার পলাশের ছেলে সুমন (২১), একই এলাকার বিষ্ণু (৩৫), আবু হোসেন (৩০) ও আব্দুর রশিদ (৫৫)।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং আহত হন আরও ছয়জন।
বিজ্ঞাপন
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের সদস্য আল আমিন বলেন, ট্রাকটি উল্টে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, হতাহতরা সবাই ট্রাকের ওপর অবস্থান করছিলেন।
বিজ্ঞাপন
আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।








