Logo

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, দম্পতি আটক

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:৫০
ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, দম্পতি আটক
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে স্থানীয় নারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক দম্পতিকে আটক করেছে প্রশাসন। ঘটনা সম্পর্কে তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

ইউএনও জানিয়েছেন, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। কারও কাছে এ ধরনের কার্ড বিক্রির প্রস্তাব এলে যাচাই-বাছাই ছাড়া টাকা দেওয়ার ক্ষেত্রে সাবধান থাকতে হবে।

স্থানীয় সূত্র ও কার্ড ক্রেতাদের বরাত দিয়ে জানা যায়, কাশিপুর ইউনিয়নের নরসিংপুর এলাকায় নির্বাচনের পরদিন থেকে রাসেল ওরফে জিলানী ও তার স্ত্রী হাসিনা, ‘জিসান ট্রেডার্স’ নাম ব্যবহার করে টাকার বিনিময়ে ‘ফ্যামিলি কার্ড’ বিক্রি শুরু করেন। রমজানকে সামনে রেখে প্রায় ৩০০ পরিবারের কাছে ৫০ টাকা করে কার্ড বিক্রি করা হয়। কার্ডের মাধ্যমে প্রতি মাসে ১,২৮৫ টাকায় ১,৭২৫ টাকার পণ্য কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

সোমবার সকালে প্রথম কিস্তির পণ্য বিতরণের কথা থাকলেও কোনো পণ্য না পাওয়ায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে কার্ড ক্রেতারা অভিযুক্তদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একজন কার্ড ক্রেতা, জুলেখা বেগম, বলেন, আমাদের বলা হয়েছিল সরকারিভাবে কোম্পানি থেকে কার্ড দেওয়া হচ্ছে। সকাল থেকে অপেক্ষা করছি, কিন্তু কেউ আসেনি, ফোনও ধরছে না।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, নরসিংপুর, বকুলতলা, চর কাশিপুর ও মধ্য নরসিংপুর—এই চারটি এলাকায় কার্ড বিতরণ করা হয়েছে। অধিকাংশ ক্রেতা নারী ও স্বল্পশিক্ষিত হওয়ায় সহজেই প্রলোভনে পড়ে যান।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, রাসেল ওরফে জিলানী মহানগর বিএনপির এক প্রভাবশালী নেতার অনুসারী হিসেবে পরিচিত। তবে অভিযুক্তের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, দলের নির্বাচনী ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের কথা থাকলেও কার্যক্রম এখনো শুরু হয়নি। প্রতারণা চালানো এ ধরনের চক্রের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়া উচিত।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD