Logo

তালা ভেঙে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানালেন নেতাকর্মীরা

profile picture
জেলা প্রতিনিধি
নোয়াখালী
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৪
তালা ভেঙে আ.লীগ কার্যালয়ে ব্যানার টানালেন নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে জেলা কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর নেতাকর্মীরা। এ সময় স্লোগান দিয়ে কার্যালয় দখলের ঘোষণা দেন তারা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের টাউনহল মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা অফিসের তালা ভেঙে সামনে ব্যানার টানানো হয়। পরে সেখানে জড়ো হয়ে নেতাকর্মীরা স্লোগান দেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন। প্রায় আধাঘণ্টা ধরে এ কর্মসূচি চলে।

বিক্ষোভকারীদের দাবি, নোয়াখালীর তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার বেশ কয়েকটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কর্মসূচির লাইভ সম্প্রচারও করা হয়। সেখানে দেশের স্বাধীনতার পক্ষে শক্তিগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয় এবং নোয়াখালী জেলা তৃণমূল আওয়ামী লীগের পক্ষ থেকে অবস্থান তুলে ধরা হয়।

আরেকটি পোস্টে উল্লেখ করা হয়, কাদির হানিফ ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে জেলা কার্যালয় খোলা হয়েছে। পাশাপাশি দলীয় পদ-পদবি বণ্টন নিয়ে ক্ষোভের কথাও তুলে ধরা হয়।

তবে দলটির একাধিক নেতা জানিয়েছেন, কার্যালয় দখল বা খোলার বিষয়ে সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। এটি স্থানীয় কিছু নেতাকর্মীর ব্যক্তিগত উদ্যোগ বলে দাবি তাদের।

বিজ্ঞাপন

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের পর থেকে কার্যালয়টি বন্ধ ছিল। আন্দোলন চলাকালে বিক্ষুব্ধ ছাত্রজনতার অগ্নিসংযোগে ভবনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পরে সেখানকার আসবাবপত্র চুরির ঘটনাও ঘটে।

এ বিষয়ে সুধারাম মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি পরে জানা গেছে। সেখানে পুলিশ পাঠানো হলেও কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD