প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ব্রিগেডিয়ার শামসুল ইসলাম

ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার কৃতি সন্তান, সাবেক সেনাকর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম (সূর্য) নবগঠিত সরকারের প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আদেশক্রমে জারিকৃত প্রজ্ঞাপনে ব্রিগেডিয়ার শামসুল ইসলামসহ পাঁচজনকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় এবং আরও পাঁচজনকে মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
যদিও তিনি সরাসরি দলীয় মনোনয়ন পাননি, তবুও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা এবং দলের প্রতি আনুগত্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের কারণে তিনি সরাসরি অংশগ্রহণের সুযোগ না পেলেও তাঁর মেধা ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করেই এই দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
বিজ্ঞাপন
এলাকাবাসী ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে এ উচ্চমর্যাদায় আসীন করার মাধ্যমে তাঁর দীর্ঘদিনের দেশপ্রেম ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন করা হয়েছে।
একজন অভিজ্ঞ ও দক্ষ সামরিক কর্মকর্তার রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়া নান্দাইলের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।
বিজ্ঞাপন
এদিকে, এ নিয়োগের খবরে নান্দাইল পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের পাড়া-মহল্লায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন সাধারণ মানুষ ও তাঁর সমর্থকরা।








