আবারও পাঁচ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

গত ১৬ ফেব্রুয়ারি ৭৩ জন জেলেকে দেশে ফিরিয়ে আনার একদিন পরই আবারও নাফ নদী থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নাফ নদী ও বঙ্গোপসাগর-এর মোহনায়, শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা থেকে ট্রলারসহ তাদের আটক করে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলার মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ। ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন— শাহ আলম (২০), পিতা: মৃত সৈয়দ আলম, আবুল হোসেন, পিতা: মৃত নজু মিয়া, মো. আব্বাস (৪০), পিতা: মৃত মকবুল আহমেদ, আব্দুল সাহেদ (১৮), পিতা: আব্দুল মজিদ, মো. ইউনুস (৪০), পিতা: মৃত মো. হোসেন।
বিজ্ঞাপন
তাদের সবার বাড়ি টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকায়। ট্রলার মালিক মোহাম্মদ উল্লাহ জানান, সেন্টমার্টিন-এর কাছে মাছ ধরার পর ট্রলারটি নোঙর করে নাইক্ষ্যংদিয়া এলাকায় অবস্থান করছিল। এ সময় হঠাৎ স্পিডবোটে এসে আরাকান আর্মির সদস্যরা ট্রলারসহ জেলেদের আটক করে নিয়ে যায়।
বাংলাদেশ কোস্ট গার্ড-এর চট্টগ্রাম জোনের লেফটেন্যান্ট কমান্ডার আকিব বিষয়টি জেনেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র সঙ্গে যোগাযোগ করেছেন।
বিজ্ঞাপন
বিজিবি সূত্রে জানা গেছে, নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় বর্তমানে অন্তত চার শতাধিক জেলে আরাকান আর্মির হাতে আটক রয়েছেন। প্রথম দফায় ৭৩ জনকে দেশে ফিরিয়ে আনা হলেও বাকিদের মুক্তির জন্য সীমান্ত ও কূটনৈতিক পর্যায়ে তৎপরতা অব্যাহত রয়েছে।








