Logo

আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

profile picture
জেলা প্রতিনিধি
বরগুনা
১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৫৭
আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
ছবি: সংগৃহীত

বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা-এর ছবি টাঙানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের শেরেবাংলা সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলিত অবস্থায় দেখা যায়।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগ নেতা ফাহাদ হাসান তানিম কয়েকজনকে নিয়ে পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলন ও টিনের বেড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙাচ্ছেন।

বিজ্ঞাপন

স্থানীয় ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা দোকান খুলেছি ৮টার দিকে। আমরা এসে পতাকাটি দেখতে পাই। যারা পতাকা উত্তোলন করেছে তারা খুব সকালে হয়ত এ কাজ করেছে।

বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন কার্যালয়ে ছবি ও পতাকা উত্তোলন করছে। এর আগে এমন ঘটনা প্রশাসনকে জানানো হলেও শক্ত পদক্ষেপ দেখা যায়নি। তিনি তাদের কার্যক্রমে তীব্র নিন্দা জানান।

বিজ্ঞাপন

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা সকালেই ঘটেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

জানা গেছে, ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বরগুনা আওয়ামী লীগের কার্যালয়ে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটেছে। এর আগে জাতীয় নির্বাচনের পরপর বেতাগীতে আওয়ামী লীগের অফিস খুলে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টাঙায় ছাত্রলীগ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD