মণিরামপুরে আট পা বিশিষ্ট ছাগল ছানার জন্ম, উৎসুক জনতার ভিড়

যশোরের মণিরামপুরে বিরল ঘটনা ঘটেছে—একটি ছাগল ছানার জন্ম হয়েছে আটটি পা নিয়ে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে এই ঘটনাটি ঘটে। খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে হাসপাতালের চারপাশে উৎসুক জনতার ভিড় জমে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে প্রসব বেদনা নিয়ে একটি ছাগলকে উপজেলা পশু হাসপাতালে আনা হয়। ছাগলটির শারীরিক অবস্থার জটিলতার কারণে চিকিৎসকরা দ্রুত সিজার (অস্ত্রোপচার) করার সিদ্ধান্ত নেন। সফল অস্ত্রোপচারের পর দেখা যায়, ছাগলছানার স্বাভাবিক চারটি পায়ের পাশাপাশি অতিরিক্ত আরও চারটি পা রয়েছে।
বিজ্ঞাপন
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, মা ছাগলটি অস্ত্রোপচারের পর সম্পূর্ণ সুস্থ রয়েছে। নবজাতক ছানাটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। চিকিৎসকদের মতে, এটি মূলত জন্মগত শারীরিক ত্রুটি বা ভ্রূণ গঠনের সময় জটিলতার কারণে ঘটতে পারে।
বিরল এই দৃশ্য দেখার জন্য মণিরামপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে মানুষ হাসপাতাল ভ্রমণ করছেন। অনেক প্রত্যক্ষদর্শী এটি প্রকৃতির বিস্ময় বা মহান আল্লাহর সৃষ্টি হিসেবে দেখছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ভিড় সামলাতে কিছুটা সমস্যার মুখে পড়েছেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানায়, এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল। বাচ্চাটির জীবন রক্ষায় তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।








