গভীর ঘুমে আচ্ছন্ন ছাত্র, দরজা ভেঙে জাগিয়ে তুললো ফায়ার সার্ভিস

ময়মনসিংহে দীর্ঘসময় ডাকাডাকির পরও সাড়া না পেয়ে এক শিক্ষার্থীকে দরজা ভেঙে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে দেখা যায়, তিনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যাপকভাবে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২ মার্চ) বিকেল ৪টার পর নগরীর সানকিপাড়া এলাকার সানকিপাড়া হেলথ অফিসার গলির একটি ছাত্র মেস থেকে মো. সোহান (১৯) নামে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। তিনি নগরীর একটি বেসরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা।
সোহান নগরীর বেসরকারি একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা। ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকায় অবস্থিত সানকিপাড়া হেলথ অফিসার গলির ছাত্র মেসে থেকে লেখাপড়া করেন তিনি।
বিজ্ঞাপন
সহপাঠী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সেহেরির পর সোহানের বন্ধুরা বাইরে গেলে তিনি ভেতর থেকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। সকালে ফিরে এসে সহপাঠীরা অনেকক্ষণ ডাকাডাকি করেও তার কোনো সাড়া পাননি। এতে তারা আশঙ্কা করেন, কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মানুষজন ভিড় জমাতে থাকেন। ঘুমানোর ১১ ঘণ্টা পরও সাড়া না মেলায় পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারাও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এসময় দেখা যায়, সোহান আত্মহত্যা করেননি। তিনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। পরে তাকে ডেকে তোলা হয়।
সোহান জানান, সেহরি খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। দরজাও লক করে দেওয়া ছিল। ফলে বাইরে থেকে ডাকাডাকির কোনো সাড়াশব্দ তিনি শুনতে পাননি। তবে তাকে ঘুম থেকে ওঠাতে এমন হুলুস্থুল কাণ্ড হবে তা কল্পনাও করেননি।
বিজ্ঞাপন
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা জুলহাস উদ্দিন বলেন, ‘দীর্ঘক্ষণেও সোহানের সাড়াশব্দ না পেয়ে তার সহপাঠীরা চিন্তিত হয়ে পড়েন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রাও আতঙ্কিত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আমরা দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি আরামসে ঘুমোচ্ছে সোহান৷ একপর্যায়ে শব্দ শুনে তার ঘুম ভাঙে। এসময় তিনি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের দেখে অবাক হয়ে যান। পরে বুঝতে পারেন পুরো ঘটনা।’
এ বিষয়ে মো. নাজমুস সাকিব, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা বলেন, সারারাত জেগে থাকায় ভোরে ঘুমিয়ে পড়েছিলেন সোহান। তাই ডাকাডাকি শুনতে পাননি। ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
বিজ্ঞাপন








