নকলায় নবনির্বাচিত এমপিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নকলা প্রেসক্লাব-এর নেতৃবৃন্দ। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ মার্চ) পৌর শহরের কুর্শাবাদাগৈড় এলাকায় অবস্থিত তাঁর নিজ বাসভবনে প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে যান। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু। সাক্ষাৎকালে সাংবাদিকরা নবনির্বাচিত এমপির সফলতা কামনা করেন এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরবর্তীতে এমপির বাসভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেন, অবাধ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, পেশাগত সততা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্ববোধই সাংবাদিকতার মূল ভিত্তি হওয়া উচিত; ব্যক্তিগত মতাদর্শ বা রাজনৈতিক পরিচয় নয়।
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, সুস্থ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে এবং অপ্রয়োজনীয় বিভাজন এড়িয়ে চলতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জনদাবি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। শেষে উভয় পক্ষ এলাকার উন্নয়ন ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা জোরদারে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।








