Logo

আলীকদম–থানচি সড়ক রক্ষণাবেক্ষণে দৃষ্টান্ত স্থাপন করল সেনাবাহিনী

profile picture
উপজেলা প্রতিনিধি
থানচি, বান্দরবান
৭ মার্চ, ২০২৬, ১৩:৩৬
আলীকদম–থানচি সড়ক রক্ষণাবেক্ষণে দৃষ্টান্ত স্থাপন করল সেনাবাহিনী
ছবি: প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলায় দুর্গম আলীকদম–থানচি সড়কের ৩৩ কিলোমিটার অংশের রক্ষণাবেক্ষণ কাজ সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (১৭ ইসিবি)।

বিজ্ঞাপন

৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে পরিচালিত এই রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় গত ফেব্রুয়ারির শুরু থেকে আলীকদম থেকে থানচি পর্যন্ত বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে সড়কের মেরামত কাজ করা হয়েছে।

পাহাড়ি সড়কের বিভিন্ন স্থানে বড় গর্ত, ভাঙন এবং ঝুঁকিপূর্ণ অংশ থাকায় যানবাহন চলাচলে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা চরম ভোগান্তির শিকার হতেন। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের অবস্থা আরও নাজুক হয়ে যেত।

বিজ্ঞাপন

পর্যটক বাইকার রাশেদ মাহমুদ বলেন, গত বছর থানচি ভ্রমণের সময় সড়কের অনেক জায়গায় বড় বড় গর্ত ছিল। এবার এসে দেখলাম রাস্তার অবস্থা অনেক উন্নত হয়েছে। এখন চলাচল অনেক স্বস্তিদায়ক।

পর্যটকবাহী জীপচালক মো. জাকির হোসেন জানান, সড়ক সংস্কার হওয়ায় গাড়ি চালানো অনেক সহজ হয়েছে। ঈদের ছুটিতে পর্যটকের সংখ্যা বাড়বে। ঠিক সময়ে কাজ সম্পন্ন হওয়ায় সবাই উপকৃত হবে।

থানচি থেকে ১৮ কিলোমিটার দূরের গ্রামবাসী চংয়াং ম্রো জানান, স্থানীয়দের অনুরোধে আমাদের গ্রামের পাশে একটি স্পিডব্রেকার নির্মাণ করা হয়েছে। আগে দ্রুতগতির গাড়ির কারণে শিশুদের চলাচলে ভয় লাগত। এখন গাড়ি ধীরগতিতে চলে, ফলে অনেক নিরাপদ হয়েছে।

বিজ্ঞাপন

১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আলীকদম থেকে থানচি পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণ এমনভাবে করা হয়েছে যাতে এটি সমতলের নতুন সড়কের মতো মসৃণ মনে হয়। কাজটি স্থানীয় জনগণ, পর্যটক ও পরিবহন চালকদের সুবিধার কথা মাথায় রেখে বাস্তবায়ন করা হয়েছে।

তারা আরও বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন এবং জনসাধারণের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম চালাবে।

বিজ্ঞাপন

সড়কটির উন্নয়নের ফলে আসন্ন পর্যটন মৌসুমে আলীকদম–থানচি সড়কে যাতায়াত আরও সহজ, নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় হবে বলে স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD