Logo

বাঁশঝাড়ের নিচে পানির ট্যাংকে উদ্ধার ১০ হাজার লিটার ডিজেল

profile picture
জেলা প্রতিনিধি
নাটোর
৭ মার্চ, ২০২৬, ১৮:৫১
বাঁশঝাড়ের নিচে পানির ট্যাংকে উদ্ধার ১০ হাজার লিটার ডিজেল
ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে পানির ট্যাংকে গোপনে মজুত করে রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ১০ হাজার লিটার ডিজেল জব্দ করা হয় এবং কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৭ মার্চ) দুপুরে সিংড়া থানা মোড় সংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে কৃষিকাজে ব্যবহৃত জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে বিকেলে উপজেলার জামতলী, নিংগইন ও বাস টার্মিনালসহ মোট চারটি পেট্রোল পাম্পে তদারকি ও অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে নিংগইন ইউনিয়নের ভাটোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে ভাটোপাড়া মহল্লার মসজিদের দক্ষিণ পাশে একটি বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে পানির ট্যাংক স্থাপন করে বিপুল পরিমাণ ডিজেল মজুত করে রাখা হয়েছে বলে প্রশাসন নিশ্চিত হয়।

পরে মাটির নিচে স্থাপন করা ওই ট্যাংক থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এসব তেল মজুত করা হয়েছিল।

বিজ্ঞাপন

এ ঘটনায় জ্বালানি তেল অবৈধভাবে সংরক্ষণ ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ব্যবসায়ী রুবেল হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি মৌসুমে যাতে জ্বালানি সরবরাহে কোনো ধরনের সংকট না তৈরি হয়, সে লক্ষ্যে বাজার তদারকি অব্যাহত থাকবে। অবৈধভাবে জ্বালানি মজুত বা কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD