এতিম শিশু ও পত্রিকা হকারদের ঈদ উপহার দিল কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে এতিম শিশু ও সংবাদপত্র হকারদের সঙ্গে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৭ মার্চ) কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকার শেফরান ডিলাইট রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। এতে এতিম শিশু ও পত্রিকা হকারদের সঙ্গে ইফতার করেন অতিথি ও সাংবাদিকরা এবং তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। তিনি বলেন, সাংবাদিকতা পেশার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস অন্যদেরও অনুপ্রাণিত করবে।
বিজ্ঞাপন
কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ এবং কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিনের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
আয়োজকেরা জানান, সংবাদপত্র বিক্রয়ের সঙ্গে যুক্ত হকাররা সংবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি সুবিধাবঞ্চিত এতিম শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।








