সাংবাদিক বিকুল চক্রবর্তীর ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বিকুল চক্রবর্তীর ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার(৮ মার্চ) বিকেল ৪টায় শ্রীমঙ্গল সাগরদীঘি সড়কে অবস্থিত শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও সমকালের শ্রীমঙ্গল প্রতিনিধি শামীম আক্তার হোসেন।
সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি, আরটিভি ও দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, বৈশাখী টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ইমন দেব চৌধুরী, দ্য নিউ নেশন-এর শ্রীমঙ্গল প্রতিনিধি আল ইব্রাহিম, দৈনিক বাংলার দিন-এর শ্রীমঙ্গল প্রতিনিধি রাসেল আহমদ এবং বাংলাটিভির শ্রীমঙ্গল প্রতিনিধি বর্ণ চক্রবর্তীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, প্রকাশ্যে একটি অনুষ্ঠানের মঞ্চে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একজন সিনিয়র সাংবাদিকের ওপর হামলার চেষ্টা অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগজনক ঘটনা। এটি আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করে। তারা হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে “আমির আলী” নামে একটি ফেসবুক আইডি থেকে সাংবাদিক বিকুল চক্রবর্তীকে নিয়ে মিথ্যা ও বানোয়াট পোস্ট দিয়ে তার সম্মানহানি করার অভিযোগ তুলে ওই ব্যক্তিকেও গ্রেপ্তারের দাবি জানান সাংবাদিকরা।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে শ্রীমঙ্গলের সবুজবাগ এলাকায় দোল পূর্ণিমা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং একুশে টেলিভিশন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহিবুল্লাহ আকন্দ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃণালকান্তি দাশ তাপস এবং স্থানীয় ইউপি সদস্য ও অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক পিয়াস দাশসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠান চলাকালে বক্তব্য দেওয়ার সময় সবুজবাগ এলাকার সুব্রত চক্রবর্তী সাংবাদিক বিকুল চক্রবর্তীকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করে তার ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় মঞ্চে উপস্থিত ইউপি সদস্য পিয়াস দাশ তাকে আটকে দিয়ে হামলা থেকে রক্ষা করেন এবং অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন।
বিজ্ঞাপন
পরে আবারও অনুষ্ঠান চলাকালে সুব্রত চক্রবর্তী পুনরায় মঞ্চে উঠে হামলার চেষ্টা করলে উপস্থিত ব্যক্তিরা তাকে সেখান থেকে বের করে দেন।
পরবর্তীতে অনুষ্ঠান শেষে শ্মশানঘাটের রাস্তার কাছে সুব্রত চক্রবর্তী তার সহযোগীদের নিয়ে আবারও বিকুল চক্রবর্তীর ওপর হামলার চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।








