Logo

অনির্দিষ্টকালের জন্য ভোলার সব রুটে বাস চলাচল বন্ধ

profile picture
জেলা প্রতিনিধি
ভোলা
৯ মার্চ, ২০২৬, ১৬:০৫
অনির্দিষ্টকালের জন্য ভোলার সব রুটে বাস চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

ভোলা চরফ্যাশন উপজেলায় সিএনজিচালকদের বিরুদ্ধে বাস শ্রমিকদের ওপর হামলা এবং বাসে ভাঙচুরের অভিযোগ ওঠায় জেলা বাস শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য সব রুটে বাস চলাচল বন্ধের ডাক দিয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৯ মার্চ) দুপুর ১টা থেকে এই ধর্মঘট শুরু হয়। এতে ওই রুটে চলাচল করা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অভিযোগ অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে চরফ্যাশন উপজেলা শহরে সিএনজি শ্রমিকরা হঠাৎ বাস শ্রমিকদের ওপর হামলা চালায় এবং একটি বাস ও বাস কাউন্টারে ভাঙচুর চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে ভোলা সদরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে বাস শ্রমিকরা বাস চলাচল বন্ধ রাখেন এবং সামনের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় ২০ মিনিট সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখেন। পরে পুলিশ গিয়ে গাছ সরিয়ে অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক করে। এছাড়া শ্রমিকরা সিএনজি পেলে সেগুলোর গতিরোধ করে বাসস্ট্যান্ডের মধ্যে আটক রাখছেন।

বিজ্ঞাপন

ভোলা জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান অভিযোগ করে বলেন, চরফ্যাশন উপজেলা শহরের সিএনজি স্ট্যান্ড বানিয়ে তারা যাত্রী ওঠানামা করে। আজ দুপুরে চরফ্যাশন উপজেলায় আমাদের বাস শ্রমিকদের ওপর সিএনজি শ্রমিকরা হঠাৎ হামলা চালিয়েছে এবং একটি বাস ও বাস কাউন্টারে ভাঙচুর চালিয়েছে তারা। এ হামলার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে আমরা ভোলার ৫টি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছি।

তবে এসব অভিযোগের বিষয়ে সিএনজিচালক ও মালিক সমিতির পক্ষ থেকে কারো বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ভোলা জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল গনি জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক করেছেন। তবে বাস চলাচল বন্ধ রয়েছে, এবং এটি পুনরায় সচল করতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD