বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভেজাল কেমিক্যাল ব্যবহার করে গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটিকে সতর্ক করা হয়েছে এবং নদীর জায়গা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নে তিতাস নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত নূর ট্রেডার্স নামে একটি গুড় তৈরির কারখানায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম।
অভিযানকালে দেখা যায়, তিতাস নদীর তীরের জায়গা দখল করে স্থাপন করা ওই কারখানায় মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল, রাব, চিনি ও বিভিন্ন ধরনের রং ব্যবহার করে বিপুল পরিমাণ ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল। পরে এসব গুড় আখ ও খেজুরের গুড় হিসেবে মাটির তৈরি মচকা ও টিনের বিশেষ প্যাকেটে বাজারজাত করা হচ্ছিল।
বিজ্ঞাপন
এ সময় কারখানার দায়িত্বে থাকা মো. আনোয়ার হোসেন ও জাকির হোসেন ভেজাল গুড় তৈরির বিষয়টি স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাদের প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১৩
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, ভেজাল ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি করা গুরুতর অপরাধ। এ ধরনের কার্যক্রম বন্ধ করতে তাদের সতর্ক করা হয়েছে এবং নদীর জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে ঈদের পর পুনরায় অভিযান চালানো হবে।
বিজ্ঞাপন
অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।








