Logo

জীবননগরে চাষির স্বপ্নভঙ্গ, এক রাতে উজাড় ড্রাগন ফলের বাগান

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
১৭ মার্চ, ২০২৬, ১১:৫৮
জীবননগরে চাষির স্বপ্নভঙ্গ, এক রাতে উজাড় ড্রাগন ফলের বাগান
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এক চাষির ড্রাগন ফলের বাগান কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) উপজেলার পেয়ারাতলা গোরস্থান মাঠ এলাকায় রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে, যেখানে প্রায় ১২০০ থেকে ১৩০০টি গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত চাষি মো. রিপন মুন্সি জানান, চার বছর ধরে পরিশ্রম করে গড়ে তোলা তার বাগান এক রাতেই ধ্বংস হয়ে গেছে। এতে তার আনুমানিক পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

বাগানের কর্মচারীরা সকালে কাজে এসে পুরো বাগান নষ্ট অবস্থায় দেখতে পান। তাদের ভাষ্য, প্রায় ১২ থেকে ১৩ কাঠা জমির সব গাছ কেটে ফেলা হয়েছে।

ঘটনার পেছনে পূর্ব বিরোধের বিষয়টি সামনে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে একটি বিরোধকে কেন্দ্র করে হুমকির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে বাগানটি নষ্ট করা হয়েছে বলে ধারণা করছেন ভুক্তভোগী।

রিপন মুন্সি বলেন, তার প্রায় ২০ বিঘা জমিতে বিভিন্ন ফলের চাষ রয়েছে, যেখানে প্রতিদিন ৩০-৩৫ জন শ্রমিক কাজ করেন। এই বাগান ধ্বংস হওয়ায় তিনি যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি শ্রমিকদের জীবিকাও হুমকির মুখে পড়েছে।

বিজ্ঞাপন

তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন এবং থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, তিনি বিষয়টি জেনেছেন এবং থানায় ফিরে বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে, কারণ ওই অঞ্চলে ব্যাপকভাবে ড্রাগন ফলের চাষ হয়ে থাকে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD