Logo

মাংস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৭৭ লাখ টাকা নিয়ে উধাও সমিতি

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
১৮ মার্চ, ২০২৬, ১৫:২১
মাংস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৭৭ লাখ টাকা নিয়ে উধাও সমিতি
ছবি: সংগৃহীত

বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকায় ঈদকে সামনে রেখে মাংস দেওয়ার আড়ালে প্রায় ৭৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ফোর স্টার বিজনেস সমবায় সমিতির কয়েকজন পরিচালক। সঞ্চয়কারীদের দাবি, সমিতির সদস্যদের সঙ্গে দীর্ঘদিন ধরে টাকা সংগ্রহের পরে নির্ধারিত দিনে মাংস বিতরণ না করে পরিচালকরা উধাও হয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানিয়েছেন, সমিতির তিন পরিচালক আব্দুল হাকিম, আকরাম ও শাহিন সপ্তাহভিত্তিক সঞ্চয়ের মাধ্যমে সদস্যদের প্রতিশ্রুতি দেন যে ঈদে তারা নির্ধারিত পরিমাণ মাংস পাবেন। প্রতিটি কার্ডের মূল্য ছিল ৫ হাজার টাকা। একাধিক কার্ড নেওয়ায় প্রায় ১২০০ পরিবারের সদস্যদের কাছে মোট সঞ্চিত অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৭৭ লাখ টাকা।

মঙ্গলবার (১৭ মার্চ) নির্ধারিত দিনে মাংস নিতে এসে বিষয়টি জানার পর ভুক্তভোগীরা ক্ষোভে ফেটে পড়েন।

বিজ্ঞাপন

পারুল নামের এক বাসিন্দা বলেন, প্রতি সপ্তাহে ১০০-১৫০ টাকা করে জমা দিয়েছি, যাতে ঈদে পরিবারের সঙ্গে ভালোভাবে কাটাতে পারি। কিন্তু এখন সব শেষ।

অন্য ভুক্তভোগী আখলি বেগম বলেন, ১০-১২ কেজি মাংস পাওয়ার আশা ছিল। এখন শুনছি তারা পালিয়েছে। এই ঈদে হয়তো মাংসই খেতে পারব না।

স্থানীয় সূত্র জানায়, সমিতির পরিচালকরা শেষ পর্যন্ত মাংস বিতরণ না করে সময় পরিবর্তন করে ১৭ মার্চের জন্য নির্ধারণ করেছিলেন। তবে সেই দিনও তারা কোনোভাবে উপস্থিত হননি এবং পরে মোবাইল ফোনও বন্ধ হয়ে যাওয়ায় তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সমিতির কার্যক্রমও স্থগিত রয়েছে।

বিজ্ঞাপন

বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কামরুজ্জামান বলেন, ভুক্তভোগীদের থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগীরা দ্রুত তাদের সঞ্চিত অর্থ ফেরত চাইছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এ ঘটনায় এলাকায় উদ্বেগ এবং ক্ষোভ বিরাজ করছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD