Logo

এক দিনের মধ্যে রেললাইন সচল করা সম্ভব নয়: খাদিজা বেগম

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
১৮ মার্চ, ২০২৬, ১৭:০৫
এক দিনের মধ্যে রেললাইন সচল করা সম্ভব নয়: খাদিজা বেগম
ছবি: সংগৃহীত

বগুড়ার সান্তাহার এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। দুর্ঘটনায় ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়ে শতাধিক যাত্রী আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বুধবার (১৮ মার্চ) দুপুরে সান্তাহার রেলওয়ে জংশনের কাছাকাছি ছাতিয়ান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে নীলফামারীর উদ্দেশ্যে যাত্রা করছিল। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরই এটি লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাদিজা বেগম জানান, দুর্ঘটনায় ট্রেনের বেশিরভাগ চাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এক দিনের মধ্যে রেললাইন সচল করাও সম্ভব নয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনটির ছাদে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন নিচে পড়ে আহত হয়েছেন। দুর্ঘটনার সময় ট্রেনটিতে বিপুলসংখ্যক যাত্রী ছিলেন, যা হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা তৈরি করেছিল।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মাহফুজুর রহমান জানান, ট্রেনটি দুপুরের দিকে সান্তাহার স্টেশনে থামার পর পুনরায় যাত্রা শুরু করলে কিছু দূর এগিয়েই লাইনচ্যুত হয়। এতে ৯টি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, দুর্ঘটনাটি সান্তাহার ও আদমদীঘির মধ্যবর্তী এলাকায় ঘটেছে। আহতদের সঠিক সংখ্যা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি; পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর ট্রেনটির চালক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।

এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে আছে এবং যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।

বিজ্ঞাপন

খুলনা থেকে ছেড়ে আসা রুপসা এক্সপ্রেস, পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস জয়পুরহাটে, রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস এবং ঢাকাগামী একতা এক্সপ্রেস সান্তাহার জংশনে আটকা পড়েছে।

উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকলেও ক্ষতিগ্রস্ত বগি সরানো ও রেললাইন মেরামতে দীর্ঘ সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD