সামনের সারিতে বসা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

পটুয়াখালীর বাউফল উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে সামনের সারিতে বসা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে বাউফল পাবলিক মাঠে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের সামনেই দুই দলের কর্মীদের মধ্যে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
সংঘর্ষে আহত হন ওহিদুজ্জামান নামে একজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত হস্তক্ষেপ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু এবং বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সামনের সারিতে আসন গ্রহণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। তবে প্রশাসনের তৎপরতায় দ্রুত পরিস্থিতি শান্ত করা সম্ভব হয়।
বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, এটি মূলত ভুল বোঝাবুঝির কারণে সৃষ্ট একটি ঘটনা। প্রশাসনের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এ বিষয়ে কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু বলেন, দুই পক্ষের মধ্যে সামান্য উত্তেজনা তৈরি হলেও উভয় দলের নেতাকর্মীদের সহযোগিতায় দ্রুত সমাধান করা সম্ভব হয়েছে। এতে মূল অনুষ্ঠান কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি এবং কুচকাওয়াজ ও ডিসপ্লে নির্ধারিত সময়েই শেষ হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পরবর্তী আলোচনা সভা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।








