২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়ার পর রাজধানীতে ফিরে আসতে শুরু করেছে মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। সেই সঙ্গে সেতুর টোল আদায়ও বৃদ্ধি পেয়েছে।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর দিয়ে মোট ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা।
শনিবার (২৮ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
সেতু কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ২২২টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার ৮শ টাকা। অপরদিকে ঢাকাগামী ৩০ হাজার ৫৬টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১০০ টাকা।
সৈয়দ রিয়াজ উদ্দিন আরও বলেন, “ঈদের ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরছে। তাই ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। সেতুর দুই পাশ ধরে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এর মধ্যে দুই পাশেই দুইটি করে বুথে মোটরসাইকেল আলাদাভাবে পারাপার হচ্ছে। আমরা সার্বক্ষণিক টোল বুথ চালু রাখার চেষ্টা করছি।
বিজ্ঞাপন
যান চলাচলের এই তীব্র চাপের মধ্যে সেতু কর্তৃপক্ষ টোল আদায় ও যানবাহন নিয়ন্ত্রণে নজরদারি জোরদার রাখছে, যাতে সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিকভাবে চলে এবং যানজট কমানো যায়।








