তিন ঘণ্টা বন্ধ ছিল সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে প্রায় তিন ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং দুর্ভোগে পড়েন শতাধিক যাত্রী।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩১ মার্চ) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার শমশেরনগর রেলস্টেশনের অদূরে পূর্ব কালিপুর এলাকায় চলন্ত উপবন এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনে আকস্মিকভাবে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে ট্রেনটি থামানো হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বিজ্ঞাপন
শ্রীমঙ্গল রেলস্টেশনের মাস্টার শাখাওয়াত হোসেন জানান, ইঞ্জিন বিকলের কারণে সকাল সাড়ে ৯টা পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে উপবন এক্সপ্রেস ছাড়াও সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কালনি এক্সপ্রেস ট্রেনও আটকা পড়ে।
শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাগর কুমার সিংহ জানান, সিলেট থেকে আসা কালনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ব্যবহার করে আটকা পড়া উপবন এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার করে শমশেরনগর স্টেশনে নেওয়া হয়। পরে সকাল ৯টা ১০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, পরবর্তীতে সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন এনে উপবন এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যে পাঠানো হবে।








