ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান

ঝালকাঠি শহরের সুতালড়ি এলাকায় ফেসবুক লাইভে এসে এক ব্যক্তি নিজে বিষপান করার পাশাপাশি তার দুই শিশুপুত্রকেও বিষ পান করানোর অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় তিনজনকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব নামের ওই ব্যক্তি ফেসবুক লাইভে এসে ‘সাগর’ নামে এক ব্যক্তিকে উদ্দেশ করে নানা অভিযোগ করেন। লাইভে তিনি বলেন, ব্যক্তিগত কষ্ট ও অভিমান থেকে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
বিজ্ঞাপন
রাকিবের প্রতিবেশী ও সম্পর্কে চাচা জুয়েল জানান, মাগরিবের আগ মুহূর্তে রাকিবের ঘর থেকে চিৎকারের শব্দ শুনে তারা ছুটে যান। গিয়ে দেখেন, রাকিব ও তার দুই ছেলে নিবীড় ও আবির ছটফট করছে এবং ঘরে বিষের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে বরিশালে পাঠানো হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন।
তিনি আরও জানান, ফেসবুক লাইভে উল্লেখ করা ‘সাগর’ নামে কোনো ঘনিষ্ঠ ব্যক্তিকে তিনি চেনেন না এবং রাকিবের সঙ্গে এমন কাউকে চলাফেরা করতেও দেখেননি। এ সময় রাকিবের স্ত্রী বাসায় ছিলেন না বলেও জানা গেছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ঘটনার বিষয়টি তারা জেনেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ‘সাগর’ নামের ব্যক্তির পরিচয় এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।








