মেহেরপুর সীমান্তে অবৈধভাবে মজুতকৃত ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ।
বিজ্ঞাপন
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমানের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি বিশেষ দল দক্ষিণ শালিকা গ্রামের পশ্চিমপাড়ায় ‘ফারাবী ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবু সুফিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানায়, দক্ষিণ শালিকা গ্রামের একটি দোকানের গোডাউনে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় গোডাউন থেকে ড্রামভর্তি ২৫ ব্যারেল অবৈধভাবে মজুতকৃত ডিজেল জব্দ করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ আরও জানায়, সরকারি নীতিমালা লঙ্ঘন করে এবং কোনো ধরনের লাইসেন্স বা অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়াই এই জ্বালানি তেল মজুত করা হয়েছিল।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মজুতকৃত তেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, গত কয়েক দিন ধরে মেহেরপুরের বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে জেলা পুলিশ ও প্রশাসনের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








