বাউফলে তরমুজ ক্ষেতের জমি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

পটুয়াখালীর বাউফলে তরমুজ ক্ষেতের জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে উজ্জল কর্মকার (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় মিজান, শামীম ও ফিরোজ গাজী নামে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উজ্জল কর্মকার কালাইয়া ইউনিয়নের অজিত কর্মকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কৃষক ফিরোজ গাজী ওই জমিতে তরমুজ চাষ করেন। কিন্তু শুরু থেকেই জমিটি নিজের বলে দাবি করেন নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের মিজানুর নামের এক ব্যক্তি। বিকেলে ফিরোজ গাজী ওই ক্ষেত থেকে তরমুজ কাটা শুরু করলে মিজানুর ৮ থেকে ১০ জন লোক নিয়ে এসে তাকে মারধর শুরু করে।
বিজ্ঞাপন
এরপর তার ডাকচিৎকারে স্বজনরা এগিয়ে আসলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুরুতর আহত হন মিজানুর, তার সঙ্গী উজ্জল ও শামীম। পরে রাত প্রায় ৮টায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উজ্জলকে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”








