Logo

মুফতি আমির হামজাকে আইনি নোটিশ

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১ এপ্রিল, ২০২৬, ২১:৩৭
মুফতি আমির হামজাকে আইনি নোটিশ
মুফতি আমির হামজা | ফাইল ছবি

কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ করতে ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাব সংক্রান্ত বক্তব্যের পর কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) এক ব্যক্তির পক্ষ থেকে আইনজীবীর মাধ্যমে এ নোটিশ প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

নোটিশটি পাঠিয়েছেন মো. হৃদয় হাসান নামে এক ব্যক্তি, যার পক্ষে আইনজীবী আব্দুল মজিদ এটি প্রেরণ করেন। এতে সাত দিনের মধ্যে ওই কথিত দুর্নীতিবাজদের নাম প্রকাশ করতে অথবা তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার অনুরোধ জানানো হয়েছে।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি বিভিন্ন জনসভায় মুফতি আমির হামজা দাবি করেন যে কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ রাখতে তাকে তিন দিনের মধ্যে ৫০ কোটি টাকার ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং প্রকাশ্যে জানান, তাকে পুরো কুষ্টিয়া লিখে দিলেও তিনি তার অবস্থান পরিবর্তন করবেন না। তার এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।

বিজ্ঞাপন

নোটিশে আরও বলা হয়, ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেখার পর নোটিশ প্রদানকারীর মক্কেল বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।

আইনি নোটিশে দাবি করা হয়েছে, রাষ্ট্রীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকে ঘুষ প্রদানকারী ও গ্রহণকারী—উভয়ই অপরাধের সঙ্গে যুক্ত। তাই যেসব ব্যক্তি ঘুষ প্রস্তাব দিয়েছিল, তাদের পরিচয় গোপন রাখা অপরাধীদের সহায়তা করার শামিল বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ করা হয়, তিনি কেবল নিজের অবস্থান তুলে ধরার জন্য ঘুষ না নেওয়ার বিষয়টি প্রকাশ্যে এনেছেন।

বিজ্ঞাপন

নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যদি ঘুষ প্রস্তাবকারীদের পরিচয় প্রকাশ করা না হয় বা তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা না হয়, তাহলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD