গফরগাঁয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বসতঘরের টিনের বেড়া মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় তাদের উদ্ধার করতে গিয়ে আরও একজন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার খাড়ুয়া বড়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় বড়াইল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মো. সাকিব (১৩) এবং পাশের গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার (৭০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শামসুল হকের পুরোনো টিনশেড ঘর সংস্কারের কাজ চলছিল। এ সময় সাকিব ও আব্দুল জব্বার নতুন তৈরি করা টিনের বেড়া ঘরে লাগানোর চেষ্টা করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত টিনটি বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে। সঙ্গে সঙ্গেই দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন।
বিজ্ঞাপন
ঘটনা দেখে শামসুল হক দ্রুত তাদের উদ্ধার করতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতের আঘাতে আহত হন। পরে পরিবারের লোকজন দ্রুত তাদের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাকিব ও আব্দুল জব্বারকে মৃত ঘোষণা করেন। আহত শামসুল হককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।








