Logo

কুষ্টিয়ায় হামের ছোবল, ১৮ ঘণ্টার ব্যবধানে আরও দুই শিশুর মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
৪ এপ্রিল, ২০২৬, ১২:৫৭
কুষ্টিয়ায় হামের ছোবল, ১৮ ঘণ্টার ব্যবধানে আরও দুই শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ঘণ্টার ব্যবধানে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে করে জেলায় এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে, যা স্থানীয়ভাবে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আট মাস বয়সী ইব্রাহিম নামে এক শিশুর মৃত্যু হয়। একই দিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ মাস ২০ দিন বয়সী আইজা নামের আরও এক শিশুর মৃত্যু ঘটে।

ইব্রাহিম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা চঞ্চল হোসেনের ছেলে। শুক্রবার বিকেলে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে আইজা শহরের রেনউইক এলাকার মমিনুর রহমানের মেয়ে। গত চার দিন ধরে সে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

বিজ্ঞাপন

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বলেন, শুক্রবার দুপুর সাড়ে ৩টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয় ইব্রাহিম নামের শিশুটি। সে হাম ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, গত ৩০ মার্চ সোমবার আইজা নামের শিশুটি হাম ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

বিজ্ঞাপন

এর আগে, শুক্রবার ভোর সাড়ে ৫টায় হামে আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফরান নামে আট মাস বয়সী এক শিশু মারা যায়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২০ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত কুষ্টিয়ায় মোট ৩২০ জনের মধ্যে হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩০ জন রোগী। এর মধ্যে ৫ থেকে ৬ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD