Logo

মহাসড়ক বন্ধ করে দুই গ্রামের ভয়াবহ সংঘর্ষ, ১০ কিমি যানজট

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
৫ এপ্রিল, ২০২৬, ১৩:৫৭
মহাসড়ক বন্ধ করে দুই গ্রামের ভয়াবহ সংঘর্ষ, ১০ কিমি যানজট
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, ফলে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে এবং সৃষ্টি হয় প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট।

বিজ্ঞাপন

শনিবার (০৪ এপ্রিল) রাত ১০টার দিকে চৌদ্দগ্রাম পৌরসভার দোয়েল চত্বর এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ উত্তর শ্রীপুর ও গোমারবাড়ি গ্রামের যুবকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরে গত বুধবার রাতেও একই এলাকায় দুই পক্ষের মধ্যে আবার সংঘর্ষ হয়, যার ফলে তখনও মহাসড়কের যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

তবে এর মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই শনিবার রাতে আবারও দুই গ্রামের বাসিন্দারা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ চলাকালে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করা হয় এবং শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। টর্চলাইট ব্যবহার করে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চালায় উভয় পক্ষ। পাশাপাশি বেশ কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে।

সংঘর্ষের কারণে মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়, যা সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে ফেলে। প্রায় আড়াই ঘণ্টা পর, রাত সাড়ে ১২টার দিকে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

বিজ্ঞাপন

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ কাউসার জানান, খবর পেয়ে পুলিশের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD