Logo

বগুড়ায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই নারী হত্যা, আতঙ্কে স্থানীয়রা

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
৫ এপ্রিল, ২০২৬, ১৫:০৮
বগুড়ায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই নারী হত্যা, আতঙ্কে স্থানীয়রা
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে দুই নারী হত্যার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পৃথক দুই স্থানে ঘটে যাওয়া এসব ঘটনায় একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এবং অপরজন গৃহবধূ নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দীপুর গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলার শিকার হন বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার শাহনাজ বেগম (৭০)। তিনি ওই গ্রামের মৃত আবদুল খালেকের স্ত্রী। একই ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার ছিলেন আবদুল খালেক।

নিহতের ছেলে মাহমুদুল হাসান সজিব জানান, তিনি স্থানীয় বাজারে একটি ইলেকট্রনিক্স শো-রুম পরিচালনা করেন। ঘটনার সময় বাড়িতে তার মা ও স্ত্রী রিয়া ছিলেন। সন্ধ্যার পর এলাকায় বিদ্যুৎ না থাকায় অন্ধকারে সুযোগ নেয় দুর্বৃত্তরা। রাত আনুমানিক ৮টার দিকে তারা বাড়িতে প্রবেশ করে সজিবের স্ত্রীকে একটি কক্ষে বাইরে থেকে আটকে রাখে। পরে পাশের ঘর থেকে চিৎকার শুনে রিয়া তার স্বামীকে ফোন করলে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন। গিয়ে দেখেন, দুর্বৃত্তরা তার মাকে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় শাহনাজ বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর কাজীপাড়া এলাকায় আরেকটি হত্যাকাণ্ড ঘটে। সেখানে পারিবারিক কলহের জেরে গৃহবধূ মোমেনা বেগম (৭০) নিহত হন। তিনি ওই এলাকার বাবু সরকারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে স্বজনদের সঙ্গে মোমেনা বেগমের বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষের মধ্যে কিল-ঘুষির আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, প্রথম ঘটনায় গুরুত্বপূর্ণ কিছু তথ্য ইতোমধ্যে পাওয়া গেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। দ্রুতই ঘাতকদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দ্বিতীয় ঘটনায় সংশ্লিষ্টদেরও শনাক্ত করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

দুই ঘটনারই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উভয় ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

একই দিনে এমন দু’টি হত্যাকাণ্ডে শিবগঞ্জের সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD